লক্ষ্মী নারায়ণ কটন মিল অংশীদারদের বসতঘরে ‘হামলা’
নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জে নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিলের আন্দোলনরত শেয়ার হোল্ডারদের বসত ঘরে হামলার অভিযোগ উঠেছে।
শুক্রবার বিকালে এ হামলার সময় তাদের বসতঘরের আসবাবপত্রসহ দরজা জানালা খুলে নেয় বলেও সাধারণ শেয়ার হোল্ডাররা অভিযোগ করেন।
পরে পুলিশ ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আন্দোলনরত শেয়ার হোল্ডার স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক মোহাম্মদ হোসেন জানান, ৭০০ কোটি টাকা মূল্যের মিলটি মাত্র ৩৫ কোটি টাকায় নিট কনসার্নের মালিক জয়নাল আবেদীন মোল্লার কাছে হস্তান্তরের চক্রান্তের অংশ হিসেবে সাধারণ শেয়ার হোল্ডারদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন, হুমকি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং মারধরের ঘটনা ঘটেছে।
তিনি বলেন, বিকাল ৫টার দিকে হামলাকারীরা মিলের মিলের সাধারণ শেয়ার হোল্ডারদের বাড়িঘরে হামলা চালায়। আসবাপত্র ভাংচুর করে এবং খুলে নিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হামলা চলাকালে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এদিকে অভিযোগ অস্বীকার করে মিলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সামসুদ্দিন প্রধান বলেন, মিলের ভেতরে কোনো হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেনি। শেয়ার হোল্ডারদের অভিযোগ সত্য নয়।
গত ২৪ জুন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের লক্ষী নারায়ণ কটন মিলের শেয়ারহোল্ডার নিধু কমল দে গং এর এক রিট পিটিশনের প্রেক্ষিতে মিলের স্থাবর ও অস্থাবর সব ধরনের সম্পদ স্থানান্তর বা হন্তান্তরে ৬ মাসের নিষেধাজ্ঞা জারি করে আদালত। একই সঙ্গে নবগঠিত পরিচালনা পর্ষদ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট।
