২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিয়ানা বন্ধ, রাজধানীতে গ্যাস সংকট

নিয়মিত সংস্কার কাজের জন্য বিবিয়ানা ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন বন্ধ থাকায় ঈদের মওসুমে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহে বিঘ্ন ঘটছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2013, 11:30 AM

Updated : 25 Apr 2022, 07:23 PM

রাজধানীর রামপুরা, বনশ্রী, বাড্ডা,  আদাবর ও সবুজবাগসহ বিভিন্ন এলাকার গ্রাহকার অভিযোগ করেছেন, বুধবার থেকে তারা ঠিকমতো গ্যাস পাচ্ছেন না, পেলেও চাপ কম। ফলে কোরবানির মাংস নিয়ে বিপাকে পড়েছে বহু পরিবার।

সারাদেশে প্রতিদিন যে পরিমাণ গ্যাস উত্তোলন করা হয়, তার ৩০ শতাংশই বিবিয়ানা থেকে আসে।

এ ক্ষেত্রের দায়িত্বে থাকা শেভরন বাংলাদেশের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্গাপূজা ও ঈদের সময় চাহিদা সবচেযে কম বলে বিবিয়ানা ক্ষেত্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের জন্য এ সময়টাকেই বেছে নিয়েছে তারা। এ সময় বিবিয়ানা থেকে গ্যাস উত্তোলন বন্ধ থাকবে। ফলে ১৯ অক্টোবর পর্যন্ত কোথাও কোথাও সরবরাহে সাময়িক ঘাটতি দেখা দিতে পারে।

অবশ্য শেভরনের জালালাবাদ ও মৌলভীবাজারের কূপ থেকে এই সময় সর্বোচ্চ উত্তোলন হবে বলে খুব একটা সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেছে শেভরন।        

বর্তমানে দেশে প্রতিদিন গড়ে ২৩০০ মিলিয়ন ঘটফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হয়। এর মধ্যে বিবিয়ানা থেকেই আসে ৮০০ মিলিয়ন ঘনফুটের বেশি।

পেট্রোবাংলার কর্মকর্তারা বলছেন, এমনিতে ‘পিক আওয়ারে’ ৫০০ মিলিয়ন ঘনফুট গাসের ঘাটতি থাকলেও ঈদের ছুটিতে রাজধানীতে গাড়ি চলাচল কম হওয়ায় এবং অনেক কারখানা বন্ধ থাকায় চাহিদা ও ঘাটতি এখন অনেক কম। 

পেট্রোবাংলার পরিচালক (অপারেশনস) মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্য সময় সংস্কার কাজ করতে গেলে গ্যাস সঙ্কট আরো বাড়ত। আপাতত একটু কষ্ট মেনে নিতেই হবে।”

বিবিয়ানার রক্ষণবেক্ষণ কাজ শেষ হলে ১৯ বা ২০ অক্টোবর থেকে আবার পুরো মাত্রায় গ্যাস সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে সরবরাহ কমে যাওয়ায় ঈদের দিন থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে গেছে।  

সবুজবাগ এলাকার গৃহিনী শিউলি আক্তার জানান, ঈদের দিন দুপুর থেকে তার বাসায় চুলা জ্বলছে নিভু নিভু হয়ে। ফলে মাংস রান্না করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে।

আশেপাশের বাসাগুলোতেও একই পরিস্থিতি বলে জানান তিনি।    

আদাবরের বাসিন্দা রোকেয়া বেগম জানান, বুধবার রাত থেকে তার বাসাতেও গ্যাসের চাপ কমে গেছে। তবে সরবরাহ পুরো বন্ধ না হওয়ায় এখনো তাকে বড় সমস্যায় পড়তে হয়নি।