২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষ ঠেকাতে গিয়ে ৪ পুলিশ আহত

নড়াইলের কালিয়া উপজেলায় কয়েকটি গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ ঠেকাতে গিয়ে চার পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2013, 07:05 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

বুধবার সকালে পুরুলিয়া এলাকায় এ সংঘর্ষ চলাকালে জনতা র‌্যাবের একটি গাড়ি ভাংচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট এবং টিয়ার সেল নিক্ষেপ করেছে।

আহতদের মধ্যে রয়েছেন জেলার কালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রকিব উদ্দিন, সদর থানার এসআই মানিক চন্দ্র সাহা, এসআই  পরিমল চন্দ্র বিশ্বাস এবং কনস্টেবল ফরিদুল ইসলাম। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এছাড়া ফসিয়ার মোল্লা (৪৫) ও মো. উজ্জ্বল (৩৫) নামের দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কালিয়া থানার এসআই রকিব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালিয়া উপজেলার নোয়াগ্রামের এক তরুণীকে পুরুলিয়া গ্রামের এক ছেলে প্রায়ই উত্ত্যক্ত করত। এ নিয়ে নোয়াগ্রামের কয়েকজন যুবক ওই ছেলেকে মারধর করে। এর জেরে মঙ্গলবার সন্ধ্যায় নোয়াগ্রামের কয়েকজন যুবক পাশের চাঁচুড়ি বাজারে গেলে উত্ত্যক্তকারীর লোকজন ওই যুবকদের মারধর করে।

এর জেরে পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম, চাঁচুড়ি, ফুলদাহ, কলামনখালি, দাড়িয়াঘাটা, কদমতলা, আটলিয়া, বাজেবাবরা, বাররা, আমতলা, রঘুনাথপুর, দেয়াডাঙ্গা, বিঞ্চুপুরসহ প্রায় ১৫/১৬ গ্রামের প্রায় ৬/৭ হাজার লোক দেশি অস্ত্রশস্ত্র নিয়ে পুরুলিয়া গ্রামে হামলা চালানোর চেষ্টা করে।

ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ থামাতে গেলে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নড়াইলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মাসুম আহম্মেদ ভূঞা বলেন, পুলিশ ৬৯ রাউন্ড রাবার বুলেট এবং ৩৭ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করেছে। এ সময় তিন পুলিশ কর্মকর্তা এবং একজন কনস্টেবল আহত হয়েছেন।

তিনি আরো বলেন, সংঘর্ষ চলাকালে উত্তেজিত জনতা ইটপাটকেল ছুড়ে র‌্যাবের একটি গাড়ি ভাংচুর করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।