২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আগের রাতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

কোরবানির ঈদের আগের রাতে সিলেটের ওসমানী নগরে বাস ও অটোরিকশার সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2013, 11:11 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

মঙ্গলবার রাত ১০টার দিকে ওসমানী নগরের গোয়ালাবাজারে ঢাকা-সিলেট মহাসড়কের গয়নাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।

ওসমানী নগর থানার ওসি জোবের আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহমেদ পরিবহনের যাত্রীবাহী বাসটি সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। সিলেট থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে গয়নাঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখী সংঘর্ষ হয়।

এতে অটোরিকশার তিন আরোহী ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা আহত অবস্থায় আরো তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরো দুজনকে মৃত ঘোষণা করা হয় বলে জরুরি বিভাগের চিকিৎসক প্রণয় কুমার জানান। 

তিনি জানান, আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- ওসমানী নগরের তাজপুর এলাকার লেখন মিয়া (৩৫), বালাগঞ্জের আদিত্যপুরের খাজা আবদুর রাজ্জাক (৬৫) ও ওজিউর রহমান (৩৫)।

এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং দুর্ঘটনার জন্য বাসটিতে আগুন দেয়।

এতে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে বলে ওসমানী নগর থানার ওসি জানান।