২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম-কক্সবাজারে ৩০ গ্রামে আগাম ঈদ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই চট্টগ্রাম ও কক্সবাজারের প্রায় ৩০ গ্রামের বাসিন্দারা মঙ্গলবার ঈদুল আজহা উদযাপন করেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2013, 12:33 PM

Updated : 25 Apr 2022, 07:23 PM

সকালে ঈদের নামাজ শেষে পশু কোরবানি দেন তারা। একই নিয়মে দেশের বিভিন্ন জেলার শতাধিক গ্রামের লক্ষাধিক মুসল্লি ঈদ উদযাপন করেন।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল শাহ জাহাগির (র.) দরবার শরিফের অনুসারীরা তাদের পূর্ব রীতি অনুযায়ী একদিন আগেই ঈদ পালন করেন।

অপরদিকে জেলার বোয়ালখালী, আনোয়ারা, সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া উপজেলা এবং কক্সবাজারের চকরিয়ায় আগাম ঈদ অনুষ্ঠিত হয়।

চন্দনাইশের সাতবাড়িয়া এলাকার বাসিন্দা সারোয়ার হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে মির্জাখীল দরবার শরিফে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ঈদ জামাতে সাতকানিয়া ছাড়াও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন অংশ নেয়।

সাতকানিয়ার মির্জাখীল, চরতী, সুইপুরা, গাটিয়া ডেঙ্গা, চন্দনাইশের হারলা, কাঞ্চননগর, বাদামতল, পশ্চিম এলাহাবাদ, বাইনজুরি, হারলা, কেশুয়া, কানাইমাদারী, সাতবাড়িয়া, দোহাজারি, বরকল, বাঁশখালির চাম্বল, কালিপুর, শেখের খীল, ভাদালিয়া, হাছনদন্ডী, চর বরমা, আলি নগর, পটিয়ার বাহুলী, পারিগ্রাম মোল্লা পাড়া, আলমদার পাড়া, হাইদগাঁও, আনোয়ারার বরুম ছড়া, তৈলার দ্বীপসহ আরো কিছু গ্রামে আগাম ঈদ হয় বলে জানান তিনি।

এর বাইরে কক্সবাজার জেলার চকরিয়া, টেকনাফ, মহেশখালী, হ্নীলা, কুতুবদিয়া, আলিকদম ও সীতাকুন্ডের মাহমুদাবাদ এলাকায় ও দরবার শরীফের অনুসারী রয়েছেন। তারাও একদিন আগেই ঈদ পালন করছেন।

স্থানীয় সাংবাদিক নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ অঞ্চলে মির্জাখীল দরবারের অনুসারিসহ বিভিন্ন মানুষ প্রায় দুইশত বছর ধরে ঈদ ও অন্যান্য ধর্মীয় উৎসবগুলো সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করে আসছেন।