২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ছিনতাইকারীর গুলিতে যুবক আহত

সাভারে মটরসাইকেল ছিনতাইয়ে বাধা দেয়ায় একজনকে গুলি করে পালিয়েছে একদল দুর্বৃত্ত।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2013, 10:59 AM

Updated : 23 Aug 2022, 07:05 PM

বাঁ পায়ে গুলিবিদ্ধ মটরসাইকেল আরোহী এমরানকে (২৮) সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, রোববার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুরে মধুমতি মডেল টাউনের কাছে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া দুই রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টার দিকে মধুমতি মডেল টাউনের সামনে দুটি মটরসাইকেলে আসা ছয় যুবক এমরানের মটরসাইকেলের পথরোধ করে। তারা অস্ত্র ঠেকিয়ে মটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে এমরান বাধা দেয়। এসময় মহাসড়কে টহল পুলিশ দেখে  গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাড়াহুড়ায় তাদের পিস্তল পড়ে যায়।

গুরুতর আহত এমরানকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।

তাৎক্ষণিকভাবে এমরানের প্রকৃত পরিচয় জানাতে পারেননি ওসি।

সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউদ্দৌলা রেজা বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।