ঝিনাইদহে চার শিবিরকর্মী গ্রেপ্তার
ঝিনাইদহে শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় চার শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, রোববার ভোররাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়।
এরা হলেন- শৈলকূপা উপজেলার উত্তমনারায়নপুর গ্রামের মহরম আলীর ছেলে ইয়াকুব আলী (২২), শহরের হামদহ শেখপাড়ার সুন্নত আলীর ছেলে ইউনূস আলী (১৮), মকবুল শেখের ছেলে হুমায়ুন অহমেদ (১৮) এবং খলিলুর রহমানের ছেলে মো. মোজাহিদ (১৮)।
গত ১০ অক্টোবর শিবিরকর্মীরা ঝিনাইদহ প্রেসক্লাব এলাকায় মিছিল করে পুলিশের দিকে ঢিল ও হাতবোমা ছোড়ে। ওই ঘটনায় পুলিশের পক্ষ থেকে এই মামলা করা হয়।
এদিকে ঝিনাইদহে রোববার আধাবেলা হরতালে শিবিরকর্মীদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।
ওসি জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাশকতা ঠেকাতে শহরে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে।”
