পূজায় কাজ পেতে আনসারদের হাতাহাতি
শারদীয় দুর্গা পূজা মণ্ডপের নিরাপত্তার কাজ নিয়ে গাইবান্ধার সাদুল্লাপুরে আনসার ও ভিডিপি সদস্যদের সঙ্গে তাদের কমাণ্ডারের হাতাহাতি হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার ৯৪টি পূজা মণ্ডপের নিরাপত্তার দায়িত্ব বণ্টনের সময় এ ঘটনা ঘটে।
আশ্বিন মাসে এলাকায় কাজ কমে যাওয়ায় পূজার কাজ পেতে স্বচেষ্ট কয়েকজন আনসার ও ভিডিপি সদস্য জানান, পূজায় পাঁচ দিনের নিরাপত্তার কাজ পেতে জনপ্রতি তিনশ’ টাকা ঘুষ দিয়েছেন তারা।
এ ডিউটি থেকে প্রত্যেকের এক হাজার ৫০ টাকা আয় হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় এক হাজার আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে থেকে জন্য গত ৩ অক্টোবর বাছাই কার্যক্রমে ৪০৮ জনকে নির্বাচন করা হয়। তাদের ১৮৮ জন নারী ও ১২২ জন পুরুষ।
বৃহস্পতিবার বাছাইকৃত সদস্যরা দায়িত্ব বুঝে নিতে এসে জানতে পারেন তাদের অনেকে বাদ পড়েছেন। এ নিয়ে অফিস চত্বরেই ইউনিয়ন কমান্ডারদের সঙ্গে সদস্যদের হাতাহাতি হয়।
ঘুষ গ্রহণে কথা অস্বীকার করে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবিএম মাহবুবুল আলম জানান, এই ডিউটির জন্য সরকার দলীয় লোকজনসহ অনেক জনপ্রতিনিধি তাকে নামের তালিকা দিয়েছেন।
“ওই সব সদস্যদের নাম অর্ন্তভুক্ত করতে গিয়ে কয়েকজন সদস্য বাদ পড়ে।
“এছাড়া মৌলবাদী রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকায় কয়েকজন সদস্যকে বাদ দেয়া হয়েছে। ওই বাতিল সদস্যরা এই হট্টগোল করে।”
