রাবি ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-নিবন্ধকার এএইচএম আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১০ থেকে ১৪ নভেম্বরের মধ্যে প্রতিদিন দুইটি করে ইউনিটের পরীক্ষা হবে।
প্রতিটি ইউনিটের দুই শিফটে এবার জোড়- বিজোড় রোল অনুযায়ী ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।
১০ নভেম্বর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘এ’ ইউনিটের বিজোড় এবং ১১টা থেকে ১২টা পর্যন্ত একই ইউনিটের জোড় রোলধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
একই দিনে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বি (বিজোড়), সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত একই ইউনিটের জোড় রোলধারীরা পরীক্ষা দেবে।
এছাড়া ১১ নভেম্বর ‘ই’ ও ‘ডি’, ১২ নভেম্বর সি ও এইচ, ১৩ নভেম্বর এফ ও জি এবং ১৪ নভেম্বর ‘এ’ ইউনিটভুক্ত বাংলা, আরবি ও ইসলাম শিক্ষা বিভাগের ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে।
বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসিইটে www.ru.ac.bd যোগাযোগের জন্য বলা হয়েছে।
এবার আটটি ইউনিটে ৪৭টি বিভাগের তিন হাজার ৯৭৩টি আসনের বিপরীতে ৪৩ জন করে ভর্তিচ্ছু প্রতিযোগিতা করবে।
