এসিড পানে স্ত্রী হত্যাকারীর যাবজ্জীবন
এসিড পান করিয়ে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারদণ্ড দিয়েছে চট্টগ্রামের আদালত।
মঙ্গলবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ লা মং এ কারাদণ্ড দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত মো. ইদ্রিস চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। গ্রেপ্তার হয়ে এখন কারাগারে রয়েছেন তিনি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাছির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত আসামিকে যাবজ্জীবন সাজার পাশাপাশি ৪০ হাজার টাকা জরিমানা করেছে। অর্থ দিতে না পারলে তাকে আরো এক বছর কারাভোগ করতে হবে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য আসামি নিলু আক্তারকে বেকসুর খালাস দিয়েছে আদালত। তিনি ইদ্রিসের ভাবি।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ১৪ মার্চ ইদ্রিস তার স্ত্রী মনোয়ারা বেগমকে ভিটামিনের নামে এসিড জাতীয় তরল পদার্থ খাইয়ে দেন।
এতে গুরুতর আহত মনোয়ারাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ২৪ জুন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যার।
নাছির উদ্দিন বলেন, মনোয়ারা চিকিৎসাধীন থাকা অবস্থায় ১২ মে তার ভাই মো. ইউনুস বাদি হয়ে ইদ্রিস এবং তার ভাবি নিলুর বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন।
২০০৮ সালের ৭ জুলাই পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে এবং পরের বছরের ২৩ মার্চ অভিযোগ গঠন হয়।
