২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজাহারের মাদ্রাসার ৫ জনকে হেফাজতে চায় পুলিশ

হেফাজত নেতা মুফতি ইজাহারের মাদ্রাসা থেকে গ্রেপ্তার পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করতে হেফাজতে নেয়ার অনুমতি চেয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 07:36 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে পাঁচ জনের প্রত্যেককে সাত দিনের হেফাজতে চেয়ে পুলিশ আবেদন করে।

খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা লোকমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাত দিনের রিমান্ডে চাওয়া হয়েছে। আদালত বুধবার এ বিষয়ে শুনানি করবে।

যাদের হেফাজতে চাওয়া হয়েছে তারা হলেন- মাদ্রাসার ডাইনিং সুপার মুনির হোসেন, তিন শিক্ষক তাফসির আহমদ, আবদুল মান্নান ও মো. ইসহাক এবং শিক্ষার্থী হাবিবুর রহমান।

সোমবার সকালে মাদ্রাসার ছাত্রাবাসের একটি কক্ষে বিস্ফোরণের পর মঙ্গলবার সকাল পর্যন্ত সেখানে তল্লাশি চালিয়ে চারটি হ্যান্ড গ্রেনেড ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

সোমবার রাতে মাদ্রাসায় তল্লাশি চালিয়ে এই পাঁচ জনকে আটক করে পুলিশ। এসময় ১৮ বোতল এসিড উদ্ধার করা হয়।

এ ঘটনায় নগরীর খুলশী থানায় বিস্ফোরক করা মামলায় মুফতি ইজাহার এবং তার ছেলে হারুন ইজাহারসহ মোট ১২ জনের নাম উল্লেখ করে মামলা করে পুলিশ।

এসিড আইনের আরেকটি মামলায় মুফতি ইজাহার ও মুফতি হারুনকে আসামি করা হয়।

বিস্ফোরক আইনে করা মামলায় সোমবার রাতে আটক পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়।