ইজাহারের মাদ্রাসায় অঘোষিত ছুটি
কোনো ধরনের নির্দেশনা দেয়া না হলেও বিস্ফোরণের পর হেফাজত নেতা মুফতি ইজাহার পরিচালিত মাদ্রাসা অঘোষিতভাবে বন্ধ ছিল মঙ্গলবার।
এদিনে মাদ্রাসায় কোন শিক্ষক না থাকায় ক্লাস হয়নি। সকাল থেকে মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন।
হেফাজত নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসাটি লালখান বাজার মাদ্রাসা নামে পরিচিত।
এ মাদ্রাসার সীমানা প্রাচীরের ভেতর আয়েশা (রা.) মহিলা মাদ্রাসা নামে আরো একটি মাদ্রাসা রয়েছে।
এ দুই মাদ্রাসায় মোট ৭০০ জন ছাত্র ও ২৫২ জন ছাত্রী আছে। ছাত্রদের মধ্যে তিনশ এবং ছাত্রীদের মধ্যে ১৫২ জন আবাসিক।
মঙ্গলবার দুপুরে মাদ্রাসায় গিয়ে দেখা মেলেনি কোন শিক্ষক ও শিক্ষার্থীর। বিভিন্ন ক্লাস রুমের সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বই ও বেঞ্চ। ক্লাস রুম ও থাকার রুমগুলোতে ঝুলছে তালা।
প্রতিটি ভবন, গেইট ও পাহাড়ের বিভিন্ন জায়গায় রয়েছে পুলিশের পাহারা।
মাদ্রাসার দারোয়ান শহীদুল ইসলাম জানান, সকাল থেকে ছাত্ররা মাদ্রাসা ছেড়ে চলে যেতে শুরু করেছেন। কোন শিক্ষক না থাকায় মাদ্রাসায় ক্লাসও হচ্ছে না। তবে মহিলা মাদ্রাসায় পরীক্ষা চলছে।
মহিলা মাদ্রাসায় গিয়ে কথা হয় সেখানকার বাবুর্চি মানিক মিয়ার সঙ্গে। তিনি জানান, মাদ্রাসায় ২৫২ জন ছাত্রী পড়াশোনা করে। তার মধ্যে ১৫২ জন আবাসিক শিক্ষার্থী।
সোমবার সকালে লালখান বাজার মাদ্রাসার ছাত্রাবাসের একটি কক্ষে বিস্ফোরণ ঘটে।
মঙ্গলবার সকাল থেকে পুলিশ মাদ্রাসা বন্ধ করে দিয়েছে বলে গুঞ্জন ওঠে।
এ প্রসঙ্গে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহিদুল্লাহ দাবি করেন পুলিশের পক্ষ থেকে মাদ্রাসা বন্ধ রাখার কোন নির্দেশনা দেয়া হয়নি।
