২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বাসস্ট্যান্ডে আধিপত্যের সংঘর্ষে আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা বাসস্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 04:22 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে পৈরতলা মহল্লার হাজী ফজলু মিয়ার গোষ্ঠীর পরিবহন নেতা গোলাপ মিয়া ও সেলিম মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে স্থানীয়রা জানান।

আহতদের বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পৈরতলা বাসস্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে হাজী ফজলু মিয়া ও সেলিম মিয়ার সমর্থকদের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। এর  জের ধরে দুপক্ষ মহাসড়কের দুই প্রান্তে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের লোকজন ২০/২৫টি ককটেলের বিস্ফোরণ ঘটালে পৈরতলা বাসস্ট্যান্ড রণক্ষেত্রে পরিণত হয়।

এ সময় দুপক্ষের লোকজন কুমিল্লা-সিলেট মহাসড়কের দুই প্রান্তে অবস্থান নিয়ে রামদা, লাঠিসোটা ও অন্যান্য দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় অন্তত ২০/২৫টি হাতবোমার ফাটানো হয়।

এতে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানার শহর উপপরিদর্শক (টিএসআই) বেলাল হোসেন জানান, দুই পক্ষের সংঘর্ষের সময় পুলিশ তাদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।