২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেরণা ৭১ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে একাত্তরের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে নিয়ে গড়া স্থাপত্য ‘প্রেরণা-৭১’ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 03:48 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ পৌঁছানোর পর শহরের গোলচত্বরে এই স্মারক ভাস্কর্যের উদ্বোধন করেন।

প্রায় ৫০ লাখ টাকায় এ ভাস্কর্য নির্মাণ করেছে ঝিনাইদহ পৌরসভা। বাংলাদেশের মানচিত্রের সামনে ৭ মার্চ ভাষণরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি এবং তখনকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর সেই জনসভার স্মৃতি ধরে রাখা হয়েছে ম্যুরালের আকারে।

বেলা আড়াইটার দিকে ঝিনাইদহ ক্যাডেট কলেজ মাঠে হেলিকপ্টার থেকে নামেন প্রধানমন্ত্রী। সেখান থেকে গোলচত্বরে গিয়ে ভাস্কর্য উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি যান সার্কিট হাউজে।

পরে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, আদালত ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভবন উদ্বোধনের পাশাপাশি একটি সড়ক ও একটি হাসপাতাল সম্প্রসারনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

বিকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেয়ারও কথা রয়েছে তার।     

পৌর মেয়ার সাইদুল করিম মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমান সরকারের মেয়াদে প্রধানমন্ত্রীর এটাই প্রথম ঝিনাইদহ সফর। এ উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎ’সাহ উদ্দীপনা কাজ করছে।”

বিকালের জনসভা ‘জনসমুদ্রে’ পরিণত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ঝিনাইদহ শহর সাজানো হয়েছে মনোরম সাজে।

শহরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছবি সম্বলিত বড় বড় বিলবোর্ড ও ডিজিটাল ব্যানার শোভা পাচ্ছে।

পুলিশ প্রসাশনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমনের কারণে স্থানীয়ভাবে তার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে ২০০৮ সালের ডিসেম্বরে সর্বশেষ নির্বাচনী সফরে ঝিনাহদহ আসেন আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা।   

এবার তিনি যেসব প্রকল্পের উদ্বোধন করছেন সেগুলো হলো- ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ, ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট, খাবার স্যালাইন ফ্যাক্টরি, পোস্ট অফিস ভবন, শিশু একাডেমি কমপ্লেক্স, ঝিনাইদহ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, সরকারি কেসি কলেজের চারতলা ভবন ও ঝিনাইদহ পৌরসভার সম্প্রসারিত ভবন।

এছাড়া ঝিনাইদহ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, ঝিনাইদহ সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহ সরকারি কেসি কলেজের নতুন একাডেমিক ভবন এবং ঝিনাইদহ-চুয়াডাঙা-মুজিবনগর সড়ক সম্প্রসারণ কাজের ভিত্তিফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।