রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিন জন নিহত হয়েছেন।
খিলগাঁও থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, সোমবার দুপুরের দিকে বনশ্রী এলাকায় মারা যান দুই অটোরিকশা যাত্রী।
প্রায় একই সময় লেগুনার সাথে দুটি রিকশার সংঘর্ষে ভাষানটেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হন বলে জানান ভাষানটেক থানার এসআই মতিউর রহমান।
নিহত মালা বেগম (৩২) ও আনেসা বেগম (৪০) বাড্ডা এলাকার বাসিন্দা। অজ্ঞাত ব্যক্তির বয়স অনুমানিক ৪০ বলে জানিয়েছেন এসআই মতিউর।
পুলিশ কর্মকর্তা সিরাজুল বলেন, বনশ্রীর এফ ব্লকে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে উল্টে পড়লে মালা ও আনেসা মারাত্মক আহত হন।
স্থানীয়রা তাদের আল রাজী হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এদিকে, ঘটনার পরপরই পালিয়ে যান অটোরিকশার চালক।
এসআই মতিউর বলেন, লেগুনা ও দুই রিকশার ত্রিমুখী সংঘর্ষে আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
