২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় গৃহবধূ খুন, স্বামী-দেবরের বিরুদ্ধে মামলা

রাজধানীর খিলগাঁওয়ে এক গৃহবধূকে খুনের অভিযোগে তার স্বামী ও দেবরের বিরুদ্ধে মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 10:50 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

শনিবার সকালে খিলগাঁও তিলপাপাড়া এলাকার ১৫৪/এ নম্বর বাড়ি থেকে সোনিয়া আক্তার ছবি (৩২) নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

তার স্বামী এ কে এম মাহফুজুল হকের দাবি, সোনিয়া আত্মহত্যা করেছেন। সকালে স্ত্রীকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখে তিনি থানায় খবর দেন।

তবে পুলিশের সন্দেহ হলে মাহফুজ ও তার ভাই এহসানুল হক পিয়াসকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রাতে সোনিয়ার বাবা আতাহার আলী হাওলাদার ওই দুজনকে আসামি করে হত্যামামলা করেন।

ঢাকা মহানগর পুলিশের খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নূর আলম সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতে মামলার পর মাহফুজ ও এহসানকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চেয়ে রোববার আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজন হত্যাকাণ্ডের কথা স্বীকার করেননি বলে পুলিশ কর্মকর্তা নূর আলম সিদ্দিকী জানান।

আতাহার আলীর অভিযোগ, বাড়ি থেকে টাকা আনার চাপ দিয়ে শ্বশুরবাড়িতে সোনিয়ার ওপর নির্যাতন চালানো হত।

মৃত্যুর সংবাদ পেয়ে শনিবার জামাতার বাড়িতে যান তিনি।

আতাহার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েক মাস ধরে টাকা চেয়ে মেয়ের জামাই মেয়েকে নানাভাবে অত্যাচার করে আসছিল।”

সোনিয়ার বড় বোন যুক্তরাষ্ট্রে থাকেন। মা ও বাবাকে সেখানে নিয়ে যাচ্ছিলেন তিনি।

“আমেরিকা চলে যাচ্ছি নিশ্চিত হয়ে মাহফুজ ব্যবসায় আরো বিনিয়োগ করতে হবে বলে টাকা চেয়ে সোনিয়াকে বারবার আমাদের কাছে পাঠাচ্ছিল। এজন্য আমার মেয়ের ওপর অত্যাচার চালাত।”

ঘটনার মীমাংসার জন্য মাহফুজের চাচা মনিরুল হকের সঙ্গে আলোচনার কথাও ভাবছিলেন আতাহার আলী। তার আগেই মৃত্যুর খবর পান তিনি।

মাহফুজ ও সোনিয়া নয় বছর আগে নিজেদের পছন্দে বিয়ে করেন। পরে দুই পরিবারই তা মেনে নেয়।

মাহফুজ ও এহসান পুলিশের কাছে অস্বীকার করলেও তাদের বাড়ির চিত্রের সঙ্গে তাদের বক্তব্য সাজুয্যপূর্ণ নয়।

চার তলা বাড়ির দ্বিতীয় তলার ওই ফ্ল্যাটের বসবার ঘরের বাথরুমে প্রচুর ছোপ ছোপ রক্তের দাগ দেখা যায়। তবে পাশের ঘরে যেখানে লাশটি ছিল, সেখানে রক্তের চিহ্ন ছিল না।