‘একতরফা নির্বাচনের ইচ্ছা নেই’
খালি মাঠে, এক তরফাভাবে কোনা নির্বাচন অনুষ্ঠানের ইচ্ছা আওয়ামী লীগের নেই বলে দাবি করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার শেরপুরে দুটি সেতু উদ্বোধনে গিয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন।
দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হলে তা বর্জনে বিরোধী দল হুমকির একদিন পর আওয়ামী লীগ প্রেসিডিয়ামের এই সদস্য বলেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে, জাতীয় স্বার্থে সব দলকে নিয়েই তার দল নির্বাচনে যেতে চায়।
শনিবার সিলেটে ১৮ দলের মহাসমাবেশে নেতাকর্মীদেরকে ভোট ঠেকাতে কেন্দ্রভিত্তিক সংগ্রাম কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
ওই ঘোষণাকে মূলতঃ বিএনপির নির্বাচন প্রস্তুতির অংশ বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনের জন্য কেন্দ্র কমিটি করছেন না; তারা প্রকৃতপক্ষে নির্বাচনের জন্য কেন্দ্র কমিটি করছেন।
নালিতাবাড়ি যাওয়ার পথে মন্ত্রী শেরপুর সার্কিট হাউজে যাত্রা বিরতিকালে বিকালে সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।
এই সময় সরকার পরিচালনায় নিজ দলের কিছু ভুল-ত্রুটির কথাও স্বীকার করেন তিনি।
“আমাদের সরকার পরিচালনায় ভুলভ্রান্তি আছে। এখন জনগণকে বিচার করতে হবে বিএনপি আওয়ামী লীগের বিকল্প হতে পেরেছে কিনা।”
সর্কিট হাউজে পৌঁছালে মন্ত্রীকে স্বাগত জানান, শেরপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা।
পরে মন্ত্রী সার্কিট হাউজ মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
