নিজামীর পক্ষে সাফাই সাক্ষী হবে ৪ জন
যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর পক্ষে চার জনের সাফাই সাক্ষ্য নেয়ার অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল।
রোববার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুমতি দেয়ার পাশাপাশি সাক্ষীদের নামের তালিকা জমা দেয়ার নির্দেশ দেয়।
গত ৩ অক্টোবর নিজামীর পক্ষে ২৫ জন সাফাই সাক্ষীর সাক্ষ্য নেয়ার অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন আসামির আইনজীবী তাজুল ইসলাম। শুনানি শেষে রোববার আদেশের জন্য দিন ঠিক করে ট্রাইব্যুনাল।
এর আগে নিজামীর পক্ষে ১০ হাজার ১১১ জন সাফাই সাক্ষীর তালিকা জমা দেয় আসামি পক্ষ।
এদিকে নিজামীর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক খানকে পঞ্চম দিনের মতো জেরা করেন আসামি পক্ষের আইনজীবী মিজানুল ইসলাম।
তবে রোববারের মধ্যে জেরা শেষ করতে টাইব্যুনালের নির্দেশ থাকলেও শেষ করতে পারেননি তিনি। পরে জেরা অসমাপ্ত রেখেই সোমবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয় ট্রাইব্যুনাল।
ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে এক মামলায় ২০১০ সালের ২৯ জুন নিজামীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক দেখানো হয়।
