২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় বৃদ্ধ খুন, ব্যবসায়ীর লাশ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিখোঁজের পাঁচ দিন পর কুমারখালী থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 02:54 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

দৌলতপুর থানার উপ পরিদর্শক ওবাইদুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে শেরপুর গ্রাম থেকে আজির উদ্দিন সর্দারের (৭০) লাশ উদ্ধার করা হয়।

তিনি বলেন, “একটি হত্যা মামলা নিয়ে দীর্ঘদিন ধরে শেরপুর গ্রামের নবী পক্ষের সঙ্গে আলাল সর্দারের পক্ষের লোকজনের মধ্যে  বিরোধ ছিল। এর জের ধরে নবী পক্ষের লোকজন বুধবার রাতে নিজ বাড়িতে হামলা চালিয়ে এলোপাথারি কুপিয়ে আজির উদ্দিন সর্দারকে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।”

ময়নাতদন্তের জন্য তার লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

এদিকে কুমারখালীর গড়ের বাড়ী কাঞ্চনপুর কালী নদী থেকে ব্যবসায়ী নূর মোহাম্মদ নুরানের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। নুরান কুমারখালী উপজেলার কাঞ্চনপুর গ্রামের শাহ মতিয়ার রহমানের ছেলে।

সকালে জেলেরা নদীতে মাছ ধরার সময় নুরানের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

কুমারখালী থানার ওসি রাম প্রসাদ ভক্ত জানান, গত ২৯ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় পার্শ্ববর্তী ইসলামী বিশ্ববিদ্যালয় থানার হরিনারায়নপুর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে অপহৃত হন নুরান।