নড়িয়ায় ডাকাতি, হামলায় আহত ১০
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় একটি বাড়িতে মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে।
কেদারেরপুরের সাহেবের চরে এ ডাকাতির সময় হামলায় ওই বাড়ির ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
নড়িয়া থানার ভারপাপ্ত কর্মকর্তা আবুল খায়ের ফকির ডাকাতির কথা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সাহেবের চর গ্রামের রাসেল খান ও রুমা বেগম জানান, গভীর রাতে ১৫/২০ জনের স্বশন্ত্র ডাকাত দল দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ঘরের দরজা ভেঙ্গে গ্রামের আক্কাস খানের বাড়িতে প্রবেশ করে।
অস্ত্রের মুখে ঘরের লোকজনকে হাতপা বেঁধে আলমারি, শোকেস ভেঙে মূল্যবান স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ সময় ডাকারদের হামলায় আহত হন গৃহর্কতা আক্কাস আলী খান, রাসেল খান, রুমা বেগম, আলামিন খান, নারগিস আক্তার, মো. আলামিন মিয়া, রহমান খান, আবুল কালাম খান। আহত দুজনের নাম জানা যায়নি।
এদের মধ্যে রাসেল খান, আক্কাস খান, আলামিন ও রুমা বেগমকে ঢাকায় পাঠানো হয়েছে।
