সাকার ফাঁসি এই মেয়াদে কার্যকরের দাবি
বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় ঘোষণার পর দেশের বিভিন্ন জেলায় আনন্দ মিছিল হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ, সিলেট, জামালপুর, কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল ও বাগেরহাটে এসব মিছিল শেষে সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা এই রায় বর্তমান সরকারের মেয়াদেই কার্যকর করার দাবি জানান।
মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ দেয়।
জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
নারায়ণগঞ্জ: সাকা চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকর করার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
দুপুর ২টার দিকে শহরের চাষাঢ়া শহীদ মিনারে তাৎক্ষণিকভাবে সমাবেশ করে সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্যে বলা হয়, মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ বেশ কয়েকজন যুদ্ধাপরাধীর ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে।
এই সরকারের আমলেই সাকা চৌধুরীসহ সবার ফাঁসি কার্যকর করার দাবি জানান তারা।
সরকারের শেষ সময়ে এসে যুদ্ধাপরাধীদের বিচারের রায় নিয়ে যেন কোনো রাজনীতি করতে না পারে সে ব্যাপারে জনগণকে সজাগ থাকারও আহবান জানান তারা।
সিলেট: ফাঁসির রায় ঘোষণার পর সিলেটে আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে জিন্দাবাজার, বন্দরবাজার ঘুরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মিছিলে সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনসহ বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ অংশ নেয়।
জামালপুর: দুপুরে জামালপুরেও আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।
মিছিলটি জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সমাবেশ থেকে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
এ সময় পথচারীদের মাঝেও মিষ্টি বিতরণ করা হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়: ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা রায় ঘোষণার পরে আনন্দ মিছিল করেছে।
দুপুর ২টার দিকে এ মিছিলে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহবায়ক।
মিছিল শেষে সবাইকে মিষ্টি খাওয়ানো হয়।
ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ।
মঙ্গলবার বিকালে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজার এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও গণহত্যার অন্যতম নায়ক সাকার ফাঁসির আদেশ হওয়ায় জাতি কলঙ্কমুক্ত হয়েছে।
তারা অবিলম্বে এ রায় কার্যকর করার দাবি জানান।
বরিশাল: সম্মিলিত সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে আনন্দ মিছিল হয়েছে বরিশালেও।
রায় ঘোষনার পরই নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে মিছিল বের করে সংগঠনটি।
নগরীর বিভিন্ন সড়ক ঘুরে এসে টাউন হল চত্বরে গিয়ে মিছিল শেষ হয়।
এছাড়াও শহরের সদর রোডের সোহেল চত্বর এলাকায় মিষ্টি বিতরণ করেছে ছাত্রলীগ।
বাগেরহাট: বাগেরহাটে জেলা শ্রমিক লীগ শহরে আনন্দ মিছিল করেছে।
মঙ্গলবার বিকালে বাগেরহাট শহরের রেলরোডস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আসে।
পরে তারা দলীয় কার্যালয়ের সামনে একটি সমাবেশ করে।
যেসব চিহ্নিত রাজাকারদের ফাঁসির আদেশ দেয়া হয়েছে অবিলম্বে তাদের রায় কার্যকর করতে সমাবেশ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
