‘স্বাধীনতাবিরোধীদের ঠাঁই, বাংলার মাটিতে নেই’
সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের প্রতিক্রিয়ায় গণজাগরণ মঞ্চ বলেছে, এর মধ্য দিয়ে প্রমাণিত হল দেশের মাটিতে স্বাধীনতাবিরোধীদের ঠাঁই নেই।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায়ের পরপরই শাহবাগে আনন্দ মিছিল বের হয়। রায়ে সন্তোষ জানিয়ে অনেকে এই মিছিলে অংশ নেন।
মিছিল শেষে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সাংবাদিকদের বলেন, “সাকা চৌধুরী শুধু গণহত্যায় অংশ নেয়নি, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা করার মতো ঔদ্ধত্যও দেখিয়েছে।
“এই রায়ের মাধ্যমে প্রমাণিত হল, বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধবিরোধী, স্বাধীনতাবিরোধী শক্তিদের ঠাঁই নেই।”
সব যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।
ইমরান বলেন, “ফাঁসি হলে কোনো কোনো যুদ্ধাপরাধীর সন্তান দেশে তান্ণ্ডবলীলা চালানোর ঘোষণা দিয়েছেন।আমরা তাদের বলতে চাই, স্বাধীনতা যুদ্ধে শহীদদের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরাও তাদের রাজপথে প্রতিহত করব।”
সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায়ের পর ট্রাইব্যুনালের সামনেই উল্লাস মিছিল করে কয়েকটি সংগঠন।
ওই মিছিলে থাকা সেক্টর কমান্ডার্স ফোরামের নেতা আবুল কালাম আজাদ বলেন, “জাতির দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, যেন আদালতের রায় দ্রুত কার্যবকর হয়।”
‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান বলেন, “জনগণেরপ্রত্যাশা পূরণ হয়েছে। এরায়ের মাধ্যমে জাতি আবারো কলঙ্কমুক্ত হল।”
