‘পরিবহন থেকে সাড়ে ২৩ কোটি টাকা চাঁদাবাজি’
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী আনন্দ পরিবহন থেকে গত সাড়ে চার বছরে ২৩ কোটি ৪৭ লাখ টাকা চাঁদাবাজি করা হয়েছে বলে মালিকরা অভিযোগ করেছেন।
এ অভিযোগ জানিয়ে মঙ্গলবার বিকালে তারা প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি দেয়া হয় বলে জেলা প্রশাসক নিশ্চিত করেন।
স্মারকলিপিকে বাস মালিকরা অভিযোগ করেন, নারায়ণগঞ্জের চিহ্নিত গডফাদারদের ছত্রছায়ায় মুক্তার-দিদার চক্র আনন্দ পরিবহন থেকে গত সাড়ে ৪ বছরে ২৩ কোটি ৪৭ লাখ টাকা চাঁদাবাজি করেছে।
ওই চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
আবেদনে আনন্দ পরিবহনের আটত্রিশ জন মালিক স্বাক্ষর করেছেন।
তবে মুক্তার হোসেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেছেন, এগুলো মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।
তিনি বলেন, “এতদিন কেউ কোনো অভিযোগ না করলেও হঠাৎ এসব অভিযোগ করা হচ্ছে। আমি একজন পরিবহন ব্যবসায়ী। আমার বিরুদ্ধে চাঁদাবাজির কেনো অভিযোগ নেই। একটি সংঘবদ্ধ চক্র আমার সুনাম নষ্ট করার জন্য মিথ্যা অপপ্রচার করছে।”
এ ব্যাপারে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল জানান, “আনন্দ পরিবহনের বাস মালিকদের একটি আবেদন পেয়েছি। তা নিয়ম মোতাবেক প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে।”
