হবিগঞ্জে চোরের ছুরিকাঘাতে গৃহকর্তা খুন
হবিগঞ্জ সদরের শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় চোরের ছুরিকাঘাতে এক গৃহকর্তা খুন হয়েছেন।
মঙ্গলবার ভোর ৪টায় নিজ বাড়িতে খুন হন পূর্ব লেঞ্জাপাড়া গ্রামের প্রয়াত রমন শুক্লবৈদ্যের ছেলে হিরেন্দ্র শুক্লবৈদ্য। তিনি কাপড় ইস্ত্রি করার কাজ করতেন।
হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে স্থানীয় লোকজন ওই এলাকার শফিক মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি নিজাম উদ্দিন জানান, চুরির সময় চিনে ফেলায় গৃহকর্তা হিরেন্দ্রকে ছুরিকাঘাত করে আটক শফিক।
এলাকবাসী জানায়, ভোরে শফিক কৌশলে দরজা খুলে হিরেন্দ্রের বাড়িতে ঢোকে। চোরের উপস্থিতি টের পেয়ে হিরেন্দ্র জেগে উঠে শফিককে জাপটে ধরেন।
এ সময় শফিক হিরেন্দ্রকে ছুরি মেরে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন হিরেন্দ্রকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
