২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায় কার্যকরে আ.লীগকেই লাগবে: শহীদুল মামা

সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় কার্যকর করতে আওয়ামী লীগকে আরেকবার ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধা শহীদুল হক, যিনি ‘মামা’ নামেই পরিচিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 02:15 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

মঙ্গলবার সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ের পর ট্রাইবুনাল চত্বরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, “আজ যে রায় হয়েছে তাতে জনগণ সন্তুষ্ট। এই রায় কার্যকর করতে বর্তমান সরকারের ধারাবাহিকতা দরকার। তাদের অনেক ভুল-ত্রুটি আছে। তবে আমার মনে হয় যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করতে জনগণের উচিত ক্ষমতাসীন দলকে আবার ক্ষমতা আনা।”

“আজ ৪২ বছর পর সাকা চৌধুরীর দম্ভ-অহংকার চুরমার হয়েছে। জাতি এই রায়কে স্বাগত জানাচ্ছে। এইসব হেভিওয়েটদের বিচারের জন্য একটি ফাঁসিই যথেষ্ট।”

মুক্তিযুদ্ধের সময়ে চট্টগ্রামে হিন্দু ও আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থক নিধনে অংশ নেয়া এবং নির্যাতন কেন্দ্র চালানোর অপরাধে তৎকালীন মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর ছেলে বিএনপির সাংসদ সালাউদ্দীন কাদের চৌধুরী সংক্ষেপে সাকা চৌধুরীকে মঙ্গলবার ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয় আদালত।

রায়ের পর সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু সাংবাদিকদের বলেন, “রায়ে আমরা সন্তুষ্ট। একজন ব্যক্তি যত উপরেই থাকুক না কেন আইনের শাসন থাকলে তার বিচার হবেই।”

ট্রাইবুনালের রায় দ্রুত কার্যকরের দাবি জানান তিনি।