নাটোরে সন্ধ্যাবেলায় ডাকাতি
হাতবোমা ফাটিয়ে এবং গুলি ছুড়ে নাটোর শহরের কাপুড়িয়া পট্টিতে একটি স্বর্ণের দোকানে ডাকাতি করেছে দুর্বৃত্তরা।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় যমুনা জুয়েলার্সে ডাকাতিকালে ভাঙচুরও করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ সময় দোকানের দুই কর্মচারী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নাটোরের (সদর সার্কেল) সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, একটি মাইক্রোবাস নিয়ে সাত ডাকাত যুমনা জুয়েলার্সে এসে তাদের ছয়জন জুয়েলার্সের ফটক আগলে রাখে। বাকি একজন পিস্তল উঁচিয়ে দোকানের মালিক প্রহলাদ চন্দ্র রায়কে সবকিছু বস্তায় ভরে দিতে বলে।
এ সময় কয়েক ডাকাত দোকানে ঢুকে ভাঙচুর করে। তারা নিজেরই স্বর্ণালংকার নিয়ে বস্তায় ভরে গাড়িতে উঠে পালিয়ে যায়।
এ সময় দোকানের দুই কর্মচারী বাধা দেয়ার চেষ্টা করলে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তরুণ (৩৪) ও বাসুদেব (৪২) নামের দুই কর্মকার আহত হন।
তরিকুল ইসলাম বলেন, ডাকাতরা পালানোর সময় একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় ও এক রাউন্ড গুলি করে।
কী পরিমাণ মালামাল ডাকাতরা নিয়ে গেছে তাৎণিকভাবে তা জানাতে পারেননি দোকানের মালিক প্রহলাদ চন্দ্র রায়।
এ ঘটনার পরপরই নাটোরের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল ঘটনাস্থল পরিদর্শন করেন।
সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, ডাকাতদের ধরার চেষ্টা চলছে।
