ভোলা পলিটেকনিকে ভাংচুর, সংঘর্ষ
ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সোমবার ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ এবং সামনের সড়কে একঘণ্টা অবরোধ করেছে।
এ সময় তারা ইনস্টিটিউটের কয়েকটি কক্ষ ও একটি বিআরটিসি বাস ভাংচুর করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সঙঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলায় অবস্থিত এ ইনস্টিটিউটে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ভোলার সহকারী পুলিশ সুপার (সার্কেল) মাহফুজ রহমান জানান, সকাল ১০টায় বোরহানউদ্দিন ডাইভারশন সড়ক এলাকায় একটি বিআরটিসি এসি বাস ভাংচুর করে শিক্ষার্থীরা। তারা বাসের চালক সুলতান মিঞা ও তার সহকারীকে মারধরও করে।
পরে তারা অধ্যক্ষের বাসভবনসহ ইনস্টিটিউটের বিভিন্ন কক্ষে ভাংচুড় চালায়।
খবর পেয়ে পুলিশ এলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
পরে দুপুর ১টার দিকে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের কয়েকদফা বৈঠকের পর অবরোধ তুলে নেয়া হয়।
বোরহানউদ্দিন থানার এসআই মাইনুল ইসলাম জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
বিআরটিসি বাস ভাংচুরের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
