২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু ৩৯ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার স্নাতক প্রথম পর্বে পাঁচ ইউনিটে ৬ হাজার ৬৬৮টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২ লাখ ৬৩ হাজার ৯০৩টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2013, 05:06 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে অনলাইনে ভর্তি আবেদনের সমাপ্তি ঘোষণা করে এই তথ্য জানান উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

সেই হিসেবে আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই ভর্তিযুদ্ধে প্রতি আসনের জন্য ৩৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।

পাঁচটি ইউনিটের মধ্যে ‘ক’ ইউনিটে ১ হাজার ৬১৮ আসনের বিপরীতে ৭১ হাজার ৯৫৭টি, ‘খ’ ইউনিটে ২ হাজার ৫০০ আসনের বিপরীতে ৩৯ হাজার ৫৫টি, ‘গ’ ইউনিটে ১ হাজার ৭৫ আসনের বিপরীতে ৪৯ হজার ৯৯৬টি, ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৩৫৬ আসনের বিপরীতে ৯০ হাজার ৮৪৩টি এবং ‘চ’ ইউনিটে ১১৯ আসনের বিপরীতে ১১ হাজার ৫২টি আবেদন করেছে।

প্রতি আসনের জন্য বিজ্ঞান অনুষদের ‘ক’ ইউনিটে ৪৫জন, কলা ও মানবিক এবং সমাজ বিজ্ঞান অনুষদের ‘খ’ ইউনিটে ১৬ জন, বাণিজ্য অনুষদের ‘গ’ ইউনিটে ৪৭ জন, বিভাগ পরিবর্তনের ‘ঘ’ ইউনিটে ৬৭জন এবং চারুকলা অনুষদের ‘চ’ ইউনিটের জন্য ৯৩ জন লড়বে।

বিশ্ববিদ্যালয়ের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১ নভেম্বর ‘ঘ’ ইউনিট, ৮ নভেম্বর ‘খ’ ইউনিট, ১৫ নভেম্বর ‘গ’ ইউনিট, ২২ নভেম্বর ‘ক’ ইউনিট এবং ২৩ নভেম্বর ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক সহিদ আক্তার হুসাইন ও অধ্যাপক নাসরিন আহমদ, ভর্তি কমিটির সমন্বয়কারী অধ্যাপক হাসিবুল রসিদ, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক আশরাফ আলী খান উপস্থিত ছিলেন।