বিকেএমইএ কার্যালয়ের সামনে অনশন
বকেয়া বেতন ও কারখানা চালুর দাবিতে বিকেএমইএ প্রধান কার্যালয়ের সামনে অনশন করছে নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার বেলা ১১টায় ফতুল্লার বটতলা এলাকার টেক্স টেক মেয়ার লিমিটেডের শ্রমিকরা এ অনশন শুরু করে। চলবে সন্ধ্যা পর্যন্ত।
অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নেতা সেলিম মাহমুদ, জাহাঙ্গীর আলম গোলক, বাসদ নেতা আবু নাঈম খান বিপ্লব, ছাত্রফ্রন্টের সজল বাড়ৈ, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদের সমন্বয়ক আবু নাঈম খান বিপ্লব প্রমুখ।
বক্তারা বলেন, টেক্স টেক মেয়ার লিমিটেড পোশাক কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করে। কিন্তু গত ২৮ অগাস্ট নোটিশ ছাড়াই শ্রমিকদের পাওনা পরিশোধ না করে কারখানা বন্ধ করে ঘোষণা করে কর্তৃপক্ষ।
অবিলম্বে শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন ও বন্ধ কারখানা চালুর দাবি জানান।
দাবি আদায়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিকেএমইএ প্রধান কার্যালয়ের সামনে অনশন করার ঘোষণা করেন দেন তারা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে বিকেএমইএ পরিচালক জিএম ফারুক জানান, “টেক্স টেক পোশাক কারখানার মালিক পলাতক। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা কারখানা মালিককে খুঁজে বের করে শ্রমিকদের পাওনা পরিশোধের চেষ্টা করছি।”
