২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় নিজের বাড়িতে প্রবাসী খুন

সাভারের আশুলিয়া নিজ বাড়ি থেকে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 01:58 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

রোববার সকালে পলাশবাড়ি এলাকার তিনতলা বাড়ির নিচ তলার শোওয়ার ঘর থেকে হাত-পা বাঁধা লাশটি উদ্ধার করা হয়।

নিহত জয়নাল আবেদীন (৫০) ঢাকার নবাবগঞ্জ থানার নুরাইনপুর এলাকার মৃত জাহের আলীর ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন।

স্থানীয়রা জানান, বাড়ির ভাড়াটিয়ারা নিচ তলার কক্ষের দড়জা খোলা দেখে ভেতরে উঁকি দিয়ে রক্তাক্ত অবস্থায় বাড়ির মালিককে পড়ে থাকতে দেখেন এবং পুলিশে খবর দেন।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিচ তলার বেডরুম থেকে হাত-পা বাঁধা লাশটি উদ্ধার করা হয়েছে। পেটে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে পুলিশের ধারণা।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে নিহতের ছেলে আকাশ (২০) আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে শাহীনুর জানান।