২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশ্বাস দিয়ে মুক্ত ইউএসটিসি উপ-উপাচার্য

প্রায় ছয় ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হলেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) উপ-উপাচার্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 09:56 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

শনিবার বিকাল সাড়ে ৫টায় দাবি পর্যালোচনায় কমিটি গঠনের পর অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এর আগে উপাচার্য নিয়োগসহ পাঁচ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা উপ-উপাচার্য এএইচএম ইছহাক চৌধুরীকে অবরুদ্ধ করে। দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভাংচুর চালায় তারা।

শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলো হচ্ছে- অনুষদের অধীন তিন বিভাগে অধ্যাপক-সহযোগী ও সহকারী অধ্যাপকের শূন্য পদে স্থায়ী শিক্ষক, ডিন নিয়োগ, কোষাধ্যক্ষ নিয়োগ ও শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ বৃদ্ধি।

নগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলের উপ-কমিশনার (এসি) আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গর্ভনিং বডির সঙ্গে আলোচনার জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি মঙ্গলবার শিক্ষার্থীদেরকে অগ্রগতি বিষয়ে জানাবে।

কমিটি গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী সুমন ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে উপ-উপাচার্যের নেতৃত্বে কমিটি গঠন ও দ্রুততম সময়ের মধ্যে তা শিক্ষার্থীদের জানানর আশ্বাসে তারা অবরোধ তুলে নিয়েছেন।

জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম প্রতিষ্ঠিত ইউএসটিসি জনসেবা ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হয়। তার মৃত্যুর পর থেকে ওই প্রতিষ্ঠানের উপাচার্যের পদ খালি রয়েছে।

গত ২১ সেপ্টেম্বর শিক্ষার্থীরা জনসেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আহমেদ ইফতেখার ইসলামের কাছে তাদের দাবিগুলো তুলে ধরেন। সে সময় এক সপ্তাহের মধ্যে দাবি পূরণ করার আশ্বাস দেয়া হয়েছিল। সপ্তাহকাল পরে দাবি পূর্ণ না হওয়ায় শনিবার আবার বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা।