ফতুল্লায় আওয়ামী লীগ নেতার সমর্থকরা পেটালো ২ শ্রমিক নেতাকে
নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত জাতীয় শ্রমিক লীগের স্থানীয় এক নেতার মদদে দুই পোশাক শ্রমিক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে।
হামলায় আহত হয়েছেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা সভাপতি এম এ শাহীন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
গুরুতর আহত দুজনকে শহরের খানপুর এলাকায় ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে স্থানীয় শ্রমিক নেতারা সম্মিলিতভাবে ফতুল্লা শিল্পাঞ্চলের শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগদান নিশ্চিত করতে পোশাক কারখানাগুলো পরিদর্শন করার পর এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা শ্রমিক নেতারা জানান, কারাখানা পরিদর্শন শেষে শ্রমিক নেতারা এক সঙ্গে ফেরার পথে জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক কমিটির সভাপতি কাউসার আহম্মেদ পলাশের সমর্থক সন্ত্রাসীরা ওই দুই শ্রমিক নেতাকে পিটিয়ে আহত করেন।
সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিলেও এঘটনার পর কারখানাগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আদমজী শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার রেল স্টেশন শাহীন ও ইকবালের ওপর এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সম্পাদক ও জাতীয় শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিমাংশু সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাউসার আহম্মেদ পলাশের সমর্থক ২০/২৫ জন লোক একসঙ্গে শাহিন ও ইকবালকে এলোপাতারি পিটিয়ে গুরুতর আহত করে।
হিমাংশু জানান, বিশৃঙ্খলাহীনভাবে কারখানার উৎপাদন কাজ অব্যাহত রাখতে বৃহস্পতিবার রাতে মালিক, শ্রমিক ও প্রশাসনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার সকাল থেকে কাজে আসা শ্রমিকদের উৎসাহ দিতে ফতুল্লার কারখানাগুলো পরিদর্শনে যান সব দলের শ্রমিক সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। সকালে তারা ফতুল্লার কুতুবআইল, কাঠেরপুল ও লামাপাড়া এলাকার বিভিন্ন কারখানায় গিয়ে শ্রমিকদের শান্ত থাকার আহবান জানান।
হিমাংশুসহ এই দলে আরো ছিলেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল, পলাশ, শাহীন ও ইকবাল।
পলাশের উপস্থিতিতে তার সমর্থকরা শাহীন ও ইকবালের উপর হামলার করেছে উল্লেখ করে ইসমাইল বলেন, সিদ্ধান্ত অনুযায়ী সবার একসঙ্গে কারখানা পরিদর্শনের কথা থাকলেও কাঠেরপুল এলাকার ‘পলমল গার্মেন্টস’ পরিদর্শনের সময় শাহীন বিচ্ছিন্নভাবে একটি ফ্লোর পরিদর্শনে যায়। এরপর শ্রমিক নেতারা ওই ফ্লোর পরিদর্শনে গেলে পলাশকে উদ্দেশ্য করে গালিগালাজ করে শ্রমিকরা।
নেতাদের প্রায় ২০ মিনিট অবরুদ্ধ করে রেখে বিক্ষোভ করে শ্রমিকরা। পরে শ্রমিকদের শান্ত করে ওই কারখানা থেকে বেরিয়ে আসেন তারা।
হিমাংশু বলেন, শ্রমিকরা পলাশকে ‘মালিকদের দালাল ও ঝুট সন্ত্রাসী’ আখ্যা দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে।
হিমাংশু ও ইসমাইল জানান, শাহীন ও ইকবালের উস্কানিতেই শ্রমিকরা তাকে গালিগালাজ করেছে এমন ধারণা থেকে পলাশের মদদে তার সমর্থকরা ওই দুজনের উপর হামলা চালিয়েছে।
তবে হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিদর্শনের সময় কিছু শ্রমিক উত্তেজিত তাকে গালিগালাজ করে।
পলাশের দাবি, ট্রেড ইউনিয়নের সভাপতি শাহিন ও সাধারণ সম্পাদক ইকবালের সমর্থকরাই একাজ করেছে।
এরপর শ্রমিকরা ঘটনার জন্য শাহীন ও ইকবালকে দায়ী করে তাদের উপর হামলা করলে তিনি শাহীনকে রক্ষা করেন বলে দাবি করেন পলাশ।
পুলিশ কর্মকর্তা মো. মাসুদ জানান, দুই শ্রমিক নেতার ওপর হামলার ঘটনায় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।
৩/৪টি শিল্প প্রতিষ্ঠান ছাড়া শনিবার ফতুল্লার অধিকাংশ কারখানাই খোলা রয়েছে। তবে, শ্রমিক নেতাদের মধ্যে সৃষ্ট কোন্দলের কারণে পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে শিল্প পুলিশ।
নারায়ণগঞ্জে গত কয়েকদিন ধরে শ্রমিক বিক্ষোভের কারণে গত শুক্রবার রাতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মালিক-শ্রমিকসহ ত্রিপক্ষীয় বৈঠক হয়। সেখানে শ্রমিক অসন্তোষ ঠেকাতে শ্রমিকদের বোঝাতে শ্রমিক নেতাদের সম্মিলিতভাবে কারখানা পরিদর্শনের সিদ্ধান্ত নেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল থেকে ফতুল্লা শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে শুরু করেছে।
