জাতীয় আদিবাসী সম্মেলন অনুষ্ঠিত
সিরাজগঞ্জ শহরে শুক্রবার প্রথম জাতীয় আদিবাসী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ অডিটরিয়ামে সন্মেলন উদ্বোধন করেন সিপিবির সাবেক সভাপতি মুঞ্জুরুল আহসান খান।
সম্মেলন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া বিকালে বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বগুড়া, জামালপুর, ময়মনসিংহ ও সিরাজগঞ্জের বিপুল সংখ্যক আদিবাসী এ সম্মেলনে অংশগ্রহণ করেন।
এ উপলক্ষে আয়োজিত সভায় আদিবাসী ইউনিয়ন নেত্রী রেবেকা সরেনের সভাপতিত্বে বক্তব্য দেন আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ডালেম চন্দ্র বর্মন, সংগঠনের কেন্দ্রীয় সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামাল, ডা. দিবালোক সিংহ, শ্রীকান্ত মাহাতো, বাসুদেব রায় প্রমুখ।
সভায় বক্তারা স্বাধীন দেশে আদিবাসীদের উপর জাতিগত শোষণ চলছে বলে অভিযোগ করেন।
শোষণ-বঞ্চনা থেকে আদিবাসীররা মুক্ত না হলে জাতিও মুক্ত হতে পারবে না বলে মনে করেন তারা।
আদিবাসীদের সাংবিধানিক অধিকার নেই দাবি করে বক্তারা বলেন, আদিবাসীরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের এবং অসম্প্রদায়িক হওয়া সত্বেও আওয়ামী লীগও তাদের স্বীকৃতি দেয়নি।
তাদের দাবি, বিএনপি-জামায়াত জোট আদিবাসী মানে না, বাঙালি মানে না। শুধু মুসলমান মানে। তাদের মতে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকতে পারবে না, যে কারণে তারা আদিবাসীদের সম্পদ দখল করে, তাদের ভিটামাটি থেকে উচ্ছেদ করছে।
সম্মেলনে রেবেকা সরেনকে সভাপতি, খগেন্দ্র হাজংকে কার্যকরি সভাপতি ও রূপচান বনমকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
