টেলিগ্রাফের ১০০ জনের তালিকায় আবারো বাঙালি মেয়র
যুক্তরাজ্যের অন্যতম প্রধান দৈনিক ডেইলি টেলিগ্রাফের শীর্ষ প্রভাবশালী ১০০ জনের তালিকায় আবারো জায়গা করে নিয়েছেন এক প্রবাসী বাঙালি।
এনিয়ে তৃতীয় বারের মতো এই তালিকায় স্থান করে নিলেন লন্ডনের টাওয়ার হ্যামলেটসের প্রথম নির্বাহী মেয়র লুতফুর রহমান।
তবে আগের সব বারের চেয়ে তালিকায় এবার তার অবস্থান অনেক শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিকের চেয়ে উপরে উঠে এসেছে।
টপ হান্ড্রেডস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল লেফট উইংগার নামের ওই তালিকায় ২০১১ সালে অন্তর্ভুক্ত হন যুক্তরাজ্যের প্রথম সংখ্যালঘু নির্বাহী মেয়র লুৎফুর রহমান ।
ওই বছর তালিকায় তার অবস্থান ছিল ৭৮তম স্থানে। আর এবছর তার অবস্থান ৫৩তম।
স্থানীয় কর্তৃপক্ষ হিসেবে শুধু ম্যানচেস্টার সিটি কাউন্সিল ও বার্হিংহ্যাম সিটি কাউন্সিলের নেতাদের নাম রয়েছে এই তালিকায়।
তালিকায় একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত এই রাজনীতিবিদের সঙ্গে সংখ্যালঘুদের মধ্যে আরো রয়েছেন হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটির চেয়ার কীথ ভাজ এমপি ও সাদিক খান এমপি।
তালিকায় আরো রয়েছেন কোটিপতি ব্যবসায়ী লর্ড সেইন্সবারি, শ্যাডো চ্যান্সেলর এড বলস, ইউনিয়ন লিডার লেন ম্যাকক্লাসকি। এছাড়াও এতে জায়গা করে নিয়েছেন ডেইলি মিরর, গার্ডিয়ান, নিউস্টেটসম্যান, ইন্ডিপেনডেন্ট ও বিবিসির শীর্ষস্থানীয় কয়েকজন সাংবাদিক।
