২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ভেজালখাদ্য কারখানার মালিকের কারাদণ্ড

ঢাকার সাভারে একটি ভেজাল শিশু খাদ্য তৈরির কারখানা সিলগালা করে এর মালিককে কারদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 08:48 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

বৃহস্পতিবার বিকালে সাভারের কান্দারচর এলাকার ‘দিদার ফুড প্রডাক্টস লিমিটেড’ কারখানায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

কারখানাটির মালিক মো. আব্দুল মালেককে (৪২) দুই বছর ও বিক্রয় প্রতিনিধি আব্দুল হামিদকে (৪৫) ছয় মাসের কারাদণ্ড দিয়েছে। এছাড়া তাদের দুজনকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানায় র‌্যাব।

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএসটিআই-র অনুমোদনবিহীন অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের জুস, আচারসহ শিশুখাদ্য তৈরি করে আসছিল।

“এছাড়া ওই সব খাবারে টেক্সটাইল কারখানার রং মেশানো হতো।”

ভেজাল খাদ্য তৈরির অভিযোগে কারখানাটির মালিককে আটলাখ টাকা জরিমানা ও দুই বছরের কারাদণ্ড এবং বিক্রয় প্রতিনিধি হামিদকে দুই লাখ টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া পরিবেশ দূষণের অভিযোগে কারখানার মালিককে আরো চার লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।