রামপালমুখী লংমার্চ ফরিদপুর পৌঁছেছে
সুন্দরবন রক্ষাসহ সাত দফা দাবিতে ঢাকা থেকে রামপাল অভিমুখী লংমার্চের কাফেলা বুধবার সন্ধ্যায় ফরিদপুর শহরে পৌঁছেছে।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এ লংমার্চের আয়োজন করেছে।
আগামী ২২ অক্টোবর সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে লংমার্চটি ফরিদপুর শহরের প্রবেশমুখ রাজবাড়ী রাস্তার মোড়ে পৌঁছে। সেখান থেকে লংমার্চে অংশগ্রহণকারী কয়েকহাজার ছাত্র ও যুবসহ নানা বয়সের ও নানা পেশার মানুষ স্লোগানে স্লোগানে মুখরিত করে সন্ধ্যায় শহরের মধ্যস্থল ঝিলটুলী এলাকার অম্বিকা ময়দানে গিয়ে সমবেত হয়।
সেখানে জাতীয় কমিটির জেলা আহ্বায়ক রমেন্দ্রনাথ রায় কর্মকারের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় কমিটির রুহিন হোসেন প্রিন্স, রফিকুজ্জামান লায়েক প্রমুখ।
রমেন্দ্রনাথ রায় কর্মকার জানান, ফরিদপুরে রাতযাপন শেষে বৃহস্পতিবার সকালে লংমার্চকারীরা যশোরের উদ্দেশে রওনা দেবেন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে লংমার্চ শুরু হয়। আগামী শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট পৌঁছানোর কথা রয়েছে।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির বাগেরহাট জেলা সদস্য সচিব ফররুখ হাসান জুয়েল জানান, লংমার্চ শনিবার সকালে বাগেরহাট পৌঁছে শহরের পুরাতন কোর্ট চত্বর এলাকায় সমাবেশ করবে।
এরপর বিকালে মংলার দিগরাজ বাস্ট্যান্ডে এলাকায় হবে সমাপনী সমাবেশ।
