নির্বাচনের এক সপ্তাহ আগেও প্রতীক বরাদ্দ হয়নি
নির্বাচনের এক সপ্তাহ আগেও প্রতীক পাননি বরগুনা-২ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আবদুস সোবাহান।
বুধবার বেলা ১টা পর্যন্ত প্রতীক বরাদ্দ দেয়া হয়নি বলে প্রার্থী ও রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন।
মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও জাফর আহম্মেদের বেঞ্চ সোবাহানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেয়।
রিটার্নিং অফিসার ফারুক মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১টা পর্যন্ত তারা হাইকোর্টের কোনো নির্দেশনা পাননি। এছাড়া সোবাহানও তাদের কাছে আসেননি।
হাইকোর্টের নির্দেশনা পেলে যথাযথ ব্যবস্থা করবেন বলে জানান তিনি।
বরগুনা-২ আসনের সংসদ সদস্য গোলাম সবুর টুলু গত ২৬ জুলাই ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত হলে এই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৩ অক্টোবর ভোট গ্রহণের কথা রয়েছে।
নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে শওকত হাচানুর রহমান রিমন নৌকা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী গোলাম সরোয়ার হিরু হাত পাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ার পর উচ্চ আদালতে আপিল করেন স্বতন্ত্র প্রার্থী আবদুস সোবাহান।
পাথরঘাটা উপজেলার সাতটি, বামনা উপজেলার চারটি ও বেতাগী উপজেলার সাতটি ইউনিয়ন এবং পাথরঘাটা ও বেতাগী পৌরসভা নিয়ে বরগুনা-০২ আসনটি গঠিত।
এই আসনের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৩ জন। যাদের মধ্যে ১ লাখ ১২ হাজার ৭৫৭ জন পুরুষ এবং ১ লাখ ১৮ হাজার ২৪৬ জন নারী ভোটার।
