চবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ হামলা হয় বলে ছাত্রদল নেতারা জানান। তবে ছাত্রলীগ নেতারা বলছেন, তারা ওই মিছিলে বাধা দিয়েছিলেন।
ছাত্রদল নেতারা জানিয়েছেন, হামলায় রুবেল, ইয়াছিন, পাভেল ও আজমী নামে চার কর্মী আহত হয়েছেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগপত্র’ দেয়ার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রতিবাদ মিছিল করে ছাত্রদল।
দুপুর সোয়া ১টার দিকে ক্যাম্পাসের শহীদ মিনার এলাকা থেকে মিছিল বের করে চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈফুদ্দিন সালাম মিঠুর অনুসারীরা। মিছিলটি বিবিএ অনুষদ হয়ে সোহরাওয়ার্দী ছাত্রাবাসের দিকে চলে যায়।
এরপর চবি ছাত্রদল সহ-সভাপতি নাজমুল সিদ্দিকীর অনুসারীরা খুরশেদ আলমের নেতৃত্বে আরেকটি মিছিল বের করে।
মিছিলটি শহীদ মিনার হয়ে বিবিএ অনুষদের দিকে যাওয়ার সময় ছাত্রলীগকর্মীরা হামলা চালায় বলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম মিঠু জানিয়েছেন।
তিনি বলেন, “শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ হামলা চালিয়েছে। এছাড়া মিছিলে পুলিশ লাঠিচার্জ বিন ইয়েমিন নামে একজন ছাত্রদলকর্মীকে আটক করে।”
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিনা অনুমতিতে মিছিল করায় ছাত্রদলের একজনকে আটক করা হয়।
হামলার অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রদল অনুমতি না নিয়ে মিছিল করে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিল।তাই আমরা মিছিলে বাধা দিয়েছি।”
