ফরিদপুরে জামায়াতের ৩৮ জনের বিরুদ্ধে মামলা
ফরিদপুরে জামায়াতে ইসলামীর মিছিল থেকে এক ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় ৩৮ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।
সোমবার রাতে ফরিদপুর কোতয়ালি থানার উপ পরিদর্শক(এসআই) মিরাজুল ইসলাম বাদি হয়ে সরকারি কাজে বাধাদান এবং পুলিশের ওপর হামলার অভিযোগে এ মামলা করেন।
মামলায় জামায়াত-শিবিরের আট নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ৩০ জনকে আসামি করা হয়েছে।
সোমবার পুলিশের ওপর হামলার পরপরই জেলা জামায়াতে ইসলামীর সদস্য আব্দুল তাওয়াবকে আটক করে পুলিশ। মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে।
এসআই মিরাজুল ইসলাম জানান, সোমবার বিকেলে শহরের জনতা ব্যাংকের মোড়ে দায়িত্ব পালনরত অবস্থায় ট্রাফিক কনস্টেবল সুশীল কুমার বসুর ওপর জামায়াত-শিবিরের মিছিল থেকে হামলা চালানো হয়।
কোতয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক বলেন, এ ঘটনার পর হামলাকারীরা জামায়াত পরিচালিত আলীপুর এলাকার ইসলামিয়া কমিউনিটি হাসপাতালে আশ্রয় নেয়। পরে ওই হাসপাতাল এবং বিভিন্ন মেস থেকে জামায়াত-শিবিরের ১৯ জন নেতাকর্মীকে আটক করা হয়।
