সিলেটে অটোরিকশা শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে আহত ৩০
সিলেট নগরীর চণ্ডিপুলে সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সোমবার বেলা ১টার দিকে চণ্ডিপুল ও নর্থ-ইস্ট অটোরিকশা স্ট্যান্ডের শ্রমিকদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানায়।
দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের সময় অন্তত ৩০টি সিএনজি অটেরিকশা ভাংচুর হয়। এ সময় চণ্ডিপুল এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রী পরিবহন নিয়ে দুপুরে চণ্ডিপুল স্ট্যান্ডের ম্যানেজার আলমগীরের সঙ্গে নর্থ-ইস্ট স্ট্যান্ডের সিএনজি অটোরিকশা চালকদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে এক পর্যায়ে উভয় স্ট্যান্ডের শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দক্ষিণ সুরমা থানার ওসি রঞ্জন সামন্ত জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই স্ট্যান্ডের অটোরিকশা শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
