২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একই পরিবারের ৩ শিশুর ডুবে মৃত্যু

রাজশাহীর চারঘাটে ডোবায় ডুবে একই পরিবারের তিনটি শিশুর মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 04:49 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

শনিবার চারঘাট উপজেলার ফরিদপুর গ্রামে বেলা ১২টার দিকে দুই ভাই-বোন ও তাদের খালার লাশ উদ্ধার করে এলাকাবাসী।

নিহতরা হচ্ছে শ্রাবণ সরকার শোভন (৭), সানজিদা খাতুন (৯) এবং তাদের খালা রিতু খাতুন (১২)।

উপজেলা সদরের আজিজুল হকের ছেলে শোভন সারদা পুলিশ একাডেমীতে প্রথম শ্রেণিতে এবং মেয়ে সানজিদা তৃতীয় শ্রেণিতে পড়ত। আর ফরিদপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে রিতু বনকিশোর প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী।

চারঘাট থানাও ওসি আব্দুর রাজ্জাক খানের ধারণা শিশুদের একজন পানিতে পড়ে গেলে অন্যরা তাকে উঠাতে গিয়ে এ ঘটনা ঘটে।

শ্রাবণের দাদা আজিম উদ্দিন জানান, শ্রাবণ ও সানজিদা শুক্রবার তাদের মায়ের সঙ্গে ফরিদপুর গ্রামে নানাবাড়িতে যায়।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শ্রাবণের নানী রাবেয়া খাতুন তাদের খুঁজতে গিয়ে বাড়ির পাশের  ডোবায় তাদের স্যান্ডেল ভাসতে দেখেন। তার চিৎকারে এলাকাবাসী এসে শিশুদের নিথর দেহ ডোবা থেকে উদ্ধার করে।

চারঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নজির উদ্দিন তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নেওয়ার আগেই শিশুদের মৃত্যু হয়েছে বলে নজির উদ্দিন জানান।