২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বাংলাদেশকে তালেবানী রাষ্ট্র বানানোর পাঁয়তারা এবং জঙ্গিবাদ-মৌলবাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2013, 08:45 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

শুক্রবার বিকালে খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এই মানবাধিকার নেত্রী।

তিনি বলেন, বিচার নিয়ে নানা টালবাহানা ও আপোষকামীতার কথা শোনা যায়। তবুও যুদ্ধপরাধীদের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। বিচারের রায় দ্রুত কার্যকর করতে হবে।

“ধর্মের নামে নারীদের অধিকার হরণের চেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী। নারীদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করা হচ্ছে। ওই গোষ্ঠীর বিরুদ্ধে নারীর পাশাপাশি পুরুষদেরও সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

বাংলাদেশ রুখে দাড়াও নামের একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা সম্বয়ক শেখ বাহারুল আলম।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাষ্টি সারোয়ার আলী, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধী মঞ্চের যুগ্ম সমন্বয়ক জিয়া উদ্দিন তারেক আলী, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম এম মুজিবুর রহমান প্রমুখ।