২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করতে না পেরে যুগলের আত্মহত্যা

একসঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন তারা। সেই স্বপ্ন পূরণ না হওয়ার কষ্ট থেকে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন প্রেমিক-প্রেমিকা। চিরকুটে মিনতি করে গেছেন- ‘একসঙ্গে কবর দিও’।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2013, 07:00 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

ঘটনাটি ঘটেছে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরী হাট এলাকায়। শুক্রবার সকালে নিজেদের বাড়ির পেছনের পুকুর পাড় থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

ওই প্রেমিক যুগল হলেন- নোয়াপাড়া চৌধুরী হাটের সৌদি আরব প্রবাসী সালেহ আহমদের ছেলে রমজান আলী (২০) ও একই পাড়ার মো. ইদ্রিসের মেয়ে সুখী আকতার (১৬)।

রাউজান থানার নোয়া পাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) টুটন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাড়ির পেছনে একটি জাম গাছে শাড়ি দিয়ে ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করেছেন। এ সময় তারা একে অন্যের কোমরও বেঁধে রেখেছিলেন।”

স্থানীয়রা জানিয়েছেন, নিহতরা একে অপরকে পছন্দ করতেন। বৃহস্পতিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন তারা।

এসআই টুটন বলেন, “শুক্রবার সকালে বাড়ির পেছনের পুকুর পাড়ের জাম গাছে ফাঁস লাগানো অবস্থায় তাদের ঝুলতে দেখে বাড়ির লোকজন দ্রুত তাদের নামিয়ে ফেলে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।”

নিহতরা তাদের এই মৃত্যুর জন্য ‘কেউ দায়ী নয়’ উল্লেখ করে একটি চিরকুটে তাদের লাশ একসঙ্গে দাফন করার অনুরোধ জানিয়ে গেছে বলেও জানান তিনি।

ওই প্রেমিক যুগলের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।