ডেমরায় গৃহবধূর রক্তাক্ত লাশ
রাজধানীর ডেমরার সারুলিয়া থেকে এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম আফসানা আক্তার (২৬)। শুক্রবার সকালে সারুলিয়ার বক্সনগর এলাকার একটি টিনশেড ঘর থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহতের স্বামীর নাম আব্দুল করিম পেশায় বাস চালক। ঘটনার সময় তিনি সিলেটে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
আফসানার বড় ভাই জুবায়ের হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বোনের মৃত্যুর খবর পেয়ে আড়াইহাজার থেকে আসেন।
এ ঘটনায় কাউকে সন্দেহ হচ্ছে কিনা জানতে চাইলে তিনি কারো নাম বলতে রাজি হননি।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে আফসানার লাশ তার শ্বশুর-শাশুড়ির ঘর থেকে উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে- ওই নারীর শয়নকক্ষ থেকে শ্বশুর-শাশুড়ির কক্ষ পর্যন্ত মেঝেতে রক্তের দাগ। ধারণা করা হচ্ছে রক্তাক্ত অবস্থায় তিনি ওই কক্ষে যান বা কেউ নিয়ে গেছে। আফসানার গলায় কাটা দাগ রয়েছে।
ঘটনা উদঘাটনে শ্বশুর, শাশুড়ি ও স্বামীকে থানায়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
আফসানা দুই সন্তানের জননী। তার দুই সন্তানের বয়স যথাক্রমে এক ও আড়াই বছর।
ময়নাতদন্তের জন্য লাশ সলিমুল্লাহ মেডিকেলে কলেজ মর্গে পাঠানো হয়েছে।
