২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসিকে ‘শক্তিশালী’ হতে বললেন সাখাওয়াত

আসন্ন জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনকে সঠিক ও শক্তিশালীভাবে ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2013, 02:00 AM

Updated : 23 Aug 2022, 06:56 PM

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘গণতন্ত্র, নির্বাচন, রাজনৈতিক সংকটঃ গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সাখাওয়াত বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে যেমন নির্বাচন কমিশনকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে, তেমনি গণমাধ্যমকেও শক্তিশালী ভূমিকা রাখতে হবে।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন যতো এগিয়ে আসছে পরিস্থিতি ততো সংকটময় হচ্ছে। তাই নির্বাচনের জন্য এমন একটি প্রশাসন গঠন করতে হবে, যার ওপর মানুষ আস্থা রাখতে পারে এবং একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন দিতে পারেন।

একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল দলের অংশগ্রহনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সাবেক নির্বাচন কমিশনার বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দল গুলোর মধ্যে ঐক্যমত্য প্রয়োজন।

প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক বা দলীয় সরকার যে কেউ আসুক না কেন নির্বাচনকালীন সময় নির্বাচন কমিশন সঠিক ও নিরপক্ষে দায়িত্ব পালনই মূল।

সেমিনারের ‘গণতন্ত্র, নির্বাচন, রাজনৈতিক সংকট:গণমাধ্যমের ভূমিকা’ মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. আবুল কাসেম ফজলুল হক।

মূল প্রবন্ধে তিনি বলেন, ভোটাভুটি দ্বারা গঠিত সরকার গণতান্ত্রি না হয়ে স্বৈরতান্ত্রিকও হতে পারে।নির্বাচিত স্বৈরচার সাধারণত অনির্বাচিত স্বৈরচারের চেয়ে বেশি অত্যাচারি হয়, এবং অনির্বাচিত স্বৈরাচারের রাষ্ট্রক্ষমতায় আসার সুযোগ তৈরি করে দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার‌্যয অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সংকট আছে, এই সংকট নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের এই সংকট মোকাবেলা করেই সমাধানের পথে এগিয়ে যেতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় ও সভাপতি এম এম জসিমের সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যারয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আব্দুস সালাম, নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, ঢাবির সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, বৈশাখী মিডিয়া লিমিটেডের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল প্রমুখ।