২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনএসআইয়ে পদোন্নতি চ্যালেঞ্জ করে নোটিস

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক ও যুগ্ম পরিচালক পদে পদোন্নতি সংক্রান্ত নতুন বিধিমালাকে চ্যালেঞ্জ করে আইনি নোটিস পাঠিয়েছেন একই সংস্থার একজন সহকারী পরিচালক।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 10:39 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

গত ১২ সেপ্টেম্বর এ নোটিস পাঠানো হলেও বৃহস্পতিবার তা প্রকাশ পায়।

এনএসআইয়ের মুন্সীগঞ্জ জেলার সহকারী পরিচালক একেএম আসাদুজ্জামান তার আইনজীবী ড. শাহদীন মালিকের মাধ্যমে পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ ছয় জনকে ওই নোটিস দেন।

১৯ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও এতে উল্লেখ রয়েছে।

নোটিসে বলা হয়, ‘জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৩’ প্রবর্তন করার আগে পাবলিক সার্ভিস কমিশনের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা করা হয়নি। তাদের পরামর্শও নেয়া হয়নি। অথচ প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদান, পদোন্নতি, বদলি বিষয়ে  কমিশনের সঙ্গে রাষ্ট্রপতির পরামর্শের কথা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৪০(২) অনুচ্ছেদ উল্লেখ আছে।

সে কারণে পদোন্নতি সংক্রান্ত এ বিধিমালা বৈধ নয়।

নোটিসদাতা আসাদুজ্জামান বলেছেন, ২০১৩ সালের নতুন বিধিমালায় পদোন্নতি দেয়ার ফলে তার মতো অনেকেই পদোন্নতি পাননি। এ বিধিমালা  অনুযায়ী তিনি চাকরিতে যোগ দেননি। যোগ দিয়েছেন ১৯৮১ সালের বিধি অনুযায়ী। এ কারণে তার পদোন্নতি আগের নিয়মে নির্ধারিত হওয়ার কথা।

কাউকে যেন উপ-পরিচালক ও যুগ্ম পরিচালক পদে নতুন আইনে নিয়োগ না দেয়া হয় সে ব্যাপারে আবেদন করেন তিনি।

ওই দুই জন বাদে আর যাদের নোটিস পাঠানো হয়েছে তারা হলেন- অর্থ মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচলককে।

এ বিষয়ে শাহদীন মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।