ম্যাজিষ্ট্রেটের বিরুদ্ধে ব্যবসায়ীর মাথা ফাটানোর অভিযোগ
গোপালগঞ্জে এক জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের বিরুদ্ধে পিস্তলের বাট দিয়ে আঘাত করে এক ব্যবসায়ীর মাথা ফাটানোর অভিযোগ পাওয়া গেছে।
জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জাহিদ হোসেন সিদ্দিক বৃহস্পতিবার দুপুরে শহরের ফলপট্টি এলাকায় কেনা-কাটা নিয়ে কথা কাটাকাটির জের ধরে এক দোকানির মাথায় আঘাত করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আহত ফল ব্যবসায়ী মো. সিদ্দিকুর রহমানকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী সেলিম আহম্মেদ বলেন, কথা কাটাকাটির এক পর্যায়ে ম্যাজিস্ট্রেট জাহিদ পিস্তল বের করে সিদ্দিকুরের মাথা বরাবর তাক করে। এ সময় তার সাথে থাকা একজন তাকে ম্যাজিষ্ট্রেট পরিচয় দিলে সিদ্দিক মাফ চায়।
“এরপরেও পিস্তুল ঘুরিয়ে বাট দিয়ে মাথার বাম পাশে আঘাত করে তিনি সিদ্দিকের মাথা ফাটিয়ে দেন।”
গোপালগঞ্জ বড়বাজার বণিক সমিতির সভাপতি শেখ দাউদ আলী বলেন, ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনার বিচার করা না হলে বাজার অচল করে দেয়া হবে।
গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সৈয়দ কামাল হোসেন বলেন, “আমি ষ্ট্রেশনের বাইরে আছি। এ বিষয়ে আমার জানা নেই। তবে বিষয়টি আমি দেখছি।”
