২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টের মান উন্নয়নে ১১ সুপারিশ

পোশাক কারখানার পরিবেশের উন্নয়নে ১১টি সুপারিশ করেছে এ সংক্রান্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি প্রধান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 06:17 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

২২৭টি কারাখানা পরিদর্শন শেষে পোশাক কারখানাগুলোর পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির প্রধান বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকী গার্মেন্টস শিল্প বিষয়ক মন্ত্রিসভা কমিটির কাছে এ প্রতিবেদন দেয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ে গার্মেন্টস শিল্প বিষয়ক মন্ত্রিসভা কমিটির পঞ্চম সভায় মন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রতিবেদনে দেয়া সুপারিশ পর্যালোচনা হবে। স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা হবে, এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

গার্মেন্টস শিল্পের উন্নয়নে কি ধরনের সুপারিশ করা হয়েছে সেই ব্যাপারে কোনো তথ্য দিতে রাজি হননি বস্ত্রমন্ত্রী।

গার্মেন্টস শিল্প বিষয়ক মন্ত্রিসভা কমিটির প্রধান শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, “সুপারিশগুলো আমরা পেয়েছি, তা নিয়ে পর্যালোচনা করা হবে এবং পরবর্তী যে সভা হবে সেখানে এগুলো তোলা হবে।”

শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়ে কোন সুপারিশ করা হয়েছে কিনা জানতে চাইলে বস্ত্রমন্ত্রী বলেন, এখানে শুধুমাত্র গার্মেন্ট শিল্পের পরিবেশ উন্নয়ন, দুর্ঘটনা প্রতিরোধ, শ্রমিক কল্যাণ ইত্যাদি বিষয়ে সুপারিশ দেয়া হয়েছে।

শ্রমমন্ত্রীর সভাপতিত্বে পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, নৌমন্ত্রী শাজাহান খান, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা সভায় উপস্থিত ছিলেন।