মিরপুর থানার ওসির বিরুদ্ধে মামলা
নির্যাতনের অভিযোগে রাজধানীর মিরপুর থানার ওসি সালাহউদ্দিনের বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী।
বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াহিদ এই মামলা করেন। বিচারক হাসিবুল হক অভিযোগ গ্রহণ করে এর বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলায় ওসিসহ মোট নয়জনকে আসামি করা হয়েছে।
কোর্ট হাউজ স্ট্রিটের আইনজীবী শেখ ওয়াহিদের মিরপুর বড় বাগে একটি জমি রয়েছে। ওই জমি নিয়ে সাবেক পুলিশ পরিদর্শক আব্দুল লতিফের মামলা-মোকদ্দমা রয়েছে।
ওই বিষয়টিকে কেন্দ্র করে বড়বাগে লতিফের বাড়িতে আটকে আইনজীবীর ওপর এই নির্যাতন চালানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
বাদির অভিযোগ, তার মালিকানাধীন চার কাঠা জমি দখলের জন্য চাকরিচ্যুত পুলিশ পরিদর্শক লতিফের বড়বাগের বাড়ি অনিলা টাওয়ারে আটকে গত ২ সেপ্টেম্বর নির্যাতন চালানো হয়।
ওসি সালাউদ্দিনের সঙ্গে মিরপুর থানার এসআই ছানোয়ার হোসেনসহ অন্য আসামিরা এই নির্যাতনে লতিফকে সাহায্য করেন বলে অভিযোগ করেন তিনি।
“সালাউদ্দিনের সহযোগিতায় লতিফ বাদির মাথায় পিস্তল ঠেকিয়ে জোর করে একটি আপসনামায় স্বাক্ষর নেয়।”
ওসি সালাউদ্দিনের বিরুদ্ধে ঢাকার হাকিম আদালত প্রাঙ্গণে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। একজন আইনজীবী ও দুজন সাংবাদিককে নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
