গাজীপুরে বাসে আগুন, ভাংচুর
জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘন্টা হরতালের দ্বিতীয় দিন বৃহস্পতিবার গাজীপুরে একটি বাস পুড়িয়ে দিয়েছে হরতাল সমর্থকরা।
জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, সকাল ৮টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় ১০-১২ জন পিকেটার ভিআইপি ২৭ পরিবহনের একটি বাস ভাংচুরের পর তাতে আগুন দিয়ে পালিয়ে যায়।
পরে পুলিশ ও স্থানীয়রা বাসের আগুন নেভায়। এতে বাসের বেশ কয়েকটি আসন পুড়ে গেছে।
যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত আব্দুল কাদের মোল্লার মুক্তি দাবিতে বুধ ও বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে জামায়াত।
হরতালে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীন বাহনগুলো চলছে স্বভাবিকভাবেই।
খোলা রয়েছে স্কুল কলেজ, অফিস-আদালতসহ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো।
